
সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রার আগে তুরস্কের কোনইয়া বিমানবন্দরে নামাজের নেতৃত্ব দেওয়ার সময় অসুস্থ হয়ে মারা গেছেন ৬৮ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক ইমাম। তাঁর নাম আবদুল্লাহ ওজকান। তিনি কোনইয়া প্রদেশের বেইশেহির জেলার বাসিন্দা ছিলেন।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৮০ জন ওমরাহযাত্রীর একটি দলের সঙ্গে মক্কার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওজকান। এ সময় ইহরামের সাদা পোশাক পরে সহযাত্রীদের নামাজে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, ভ্রমণের আনুষ্ঠানিকতা শেষ করে রাত ২টার দিকে বিমানবন্দরে জড়ো হন ওমরাহযাত্রীরা। সেখানে নামাজের নেতৃত্ব দেওয়ার পর কালিমা, তালবিয়া ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ পাঠ করছিলেন ওজকান। একপর্যায়ে তাঁর কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসে এবং তিনি হঠাৎ মাটিতে পড়ে যান।
ঘটনার পর বিমানবন্দরের চিকিৎসাকর্মীরা দ্রুত তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন এবং সিপিআর প্রয়োগ করেন। পরে জরুরি সেবাকর্মীরা তাঁকে সেলচুক ইউনিভার্সিটি মেডিকেল ফ্যাকাল্টি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তাঁর মৃত্যু হয়।
তুরস্কের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে ওজকানের হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ওজকানের ১৫ বছরের সহকর্মী ইসমাঈল গুমুশ জানান, ঘটনার আগে তাঁর মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি। দরুদ পাঠের শেষ পর্যায়ে তিনি হঠাৎ সামনের দিকে পড়ে যান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
বেইশেহিরের মুফতি এনেস আকতাশ ওজকানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি তাঁকে একজন সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন।
শুক্রবার বেইশেহিরের চারশি মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে আবদুল্লাহ ওজকানকে দাফন করা হয়। জানাজায় তাঁর পরিবারের সদস্য, সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
সূত্র: গালফ নিউজ, আনাদোলু
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.