
ই-কমার্স বাজারে প্রতিযোগিতা বাড়াতে এশিয়ার চারটি দেশে স্বতন্ত্র ‘টিকটক শপ’ অ্যাপ চালু করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। নতুন এই উদ্যোগের মাধ্যমে অ্যামাজন ও টিমুর মতো প্রতিষ্ঠিত অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে চাইছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনে অ্যাপটি চালু করা হয়েছে। দেশগুলোর ব্যবহারকারীরা আইওএস ও অ্যান্ড্রয়েড—দুই অপারেটিং সিস্টেমেই নতুন অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
টিকটক শপের স্বতন্ত্র অ্যাপটিতে ব্যবহারকারীদের পছন্দ ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন পণ্যের সুপারিশ দেখানো হবে। পাশাপাশি ছোট ভিডিও ও সরাসরি সম্প্রচারের মাধ্যমে পণ্য দেখা এবং কেনার সুযোগ থাকছে। কেনাকাটার পর অর্ডারের অবস্থান অনুসরণ এবং গ্রাহকসেবা পাওয়ার সুবিধাও যুক্ত করা হয়েছে।
মূল টিকটক অ্যাপের বাইরে আলাদা শপিং অ্যাপ ব্যবহারে ক্রেতাদের আগ্রহী করতে বিশেষ ছাড়, বিনা মূল্যে পণ্য সরবরাহ এবং নিরাপদ পেমেন্টের মতো সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর ফলে ভিডিও দেখার পাশাপাশি অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও স্বতন্ত্রভাবে পরিচালনা করা সম্ভব হবে।
বিশ্লেষকদের মতে, আলাদা অ্যাপ চালুর মাধ্যমে ই-কমার্স ব্যবসাকে টিকটকের মূল ভিডিওভিত্তিক সেবা থেকে আরও স্বতন্ত্র পরিচয় দিতে চাইছে কোম্পানিটি। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বর্ধনশীল অনলাইন কেনাকাটার বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
টিকটকের ভিডিও ও লাইভস্ট্রিমভিত্তিক পণ্য বিপণন ইতিমধ্যে অনলাইন কেনাকাটায় নতুন মাত্রা যোগ করেছে। এবার আলাদা অ্যাপের মাধ্যমে সেই ব্যবসা আরও বিস্তৃত করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.