
রাজধানী ঢাকায় এক রাতেই বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট, ভাটারা, উত্তরা, তেজগাঁও শিল্পাঞ্চল, পান্থপথ ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় ভাটারায় একটি স্কুলবাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিস্ফোরণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে সিআইডি ও এসবির প্রধান কার্যালয়ের পার্কিংয়ে একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলটি কার্যালয় প্রাঙ্গণে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যায় টিএসসি, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, উপাচার্য চত্বর এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তিনজনকে আটক করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। তবে তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্তের ফল এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে প্রশাসনিক ভবনের পাশে, উপাচার্য চত্বর ও নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও বিস্ফোরণের শব্দ শোনা যায়। জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়ানাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।
রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ হয়।
দিবাগত রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা সেখানে ধোঁয়া উড়তে দেখেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায়ও কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
এদিকে রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টা ৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মামুন। এ ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে করে এসে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একই রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১টা ২৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মাহবুবুর রহমান। তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে।
এ ছাড়া ক্যান্টনমেন্টের মাটিকাটা, শেরেবাংলা নগরের পান্থপথ ও খিলক্ষেত থানা এলাকার কাছেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে মাটিকাটায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। ক্যান্টনমেন্ট থানার এসআই সারোয়ার জাহান রাত ১টা ৩৫ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন।
অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে পান্থপথ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ২টা ১৮ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই জুবায়ের হোসেন। রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেত থানার কাছেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ২টা ২৫ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার এসআই সোহেল আহমেদ।
খিলক্ষেতের ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে করে এসে কয়েকজনকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব ঘটনার পর বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.