
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের দুই পক্ষের মারামারির ঘটনায় আট দিন পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি কমিটি। এ ঘটনায় দুই কর্মকর্তা আহত হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ৫ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপাচার্যের কক্ষে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঠানো একটি চিঠিকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।
জানা গেছে, চিঠিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবনের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের পরিচালক ড. মো. মনিরুজ্জামান মজনুর জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হয়। এসব অভিযোগ নিয়ে উপাচার্যের কক্ষে আলোচনা চলাকালে কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা দুই পক্ষের মারামারি ও হাতাহাতিতে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলোচনার একপর্যায়ে অভিযোগসংবলিত চিঠিগুলো কারা এবং কীভাবে পাঠিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম। এ সময় তিনি শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মামদুদুর রহমানকে উদ্দেশ করে বলেন, ‘এগুলো তো আপনারা ভালো জানেন, কারা পাঠায়।’ এ নিয়ে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে গড়ায়।
ঘটনার সময় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী নিজেও কক্ষে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তাঁর উপস্থিতিতেই কর্মকর্তাদের দুই পক্ষের মধ্যে ফুলের টব ছোড়াছুড়িসহ মারামারির ঘটনা ঘটে। এতে বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম এবং সংস্থাপন শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. জিয়াউর রহমান আহত হন। রফিকুল ইসলামের মাথায় আঘাত লাগে এবং তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় পরদিন ৬ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মাসুদ রানাকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন এবং সদস্য হিসেবে রয়েছেন শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. জিন্নাতুল বাশার।
তদন্ত কমিটির কাজের অগ্রগতি জানতে চাইলে আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও সংশ্লিষ্টদের সাক্ষাৎকার গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আমরা খুব শিগগিরই প্রতিবেদন জমা দেব।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, কমিটি গঠন করা হয়েছে। তারা দ্রুত প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যালয়ে, তাও উপাচার্যের কক্ষে, কর্মকর্তাদের এমন সংঘর্ষের ঘটনা উদ্বেগ তৈরি করেছে। ঘটনার আট দিন পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা না পড়া এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার সক্ষমতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। এখন তদন্ত প্রতিবেদন জমা এবং এর ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.