আরিফুল ইসলাম আরিফ: নীলফামারী প্রতিনিধি।
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নীলফামারী সার্কেলের সহযোগিতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৮ অক্টোবর) সকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবহন শ্রমিক নেতা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলামের সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেবল প্রশাসনিক বা আইনি কঠোরতাই যথেষ্ট নয়; চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। ট্রাফিক আইনের যথাযথ অনুশীলনের পাশাপাশি চালকদের দক্ষতা ও মানসিক সচেতনতা বৃদ্ধি করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তবে চালকদের পাশাপাশি সাধারণ নাগরিকদের ফুটওভার ব্রিজ ব্যবহার, নির্দিষ্ট স্থানে রাস্তা পারাপার এবং ট্রাফিক সাইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।
সভায় সড়ক ও মহাসড়কের নিরাপত্তায় সওজের ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ এবং সার্বিক প্রশাসনিক সমন্বয় নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাজনীম আওন। ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ত্রুটিপূর্ণ যানবাহন ও ভুয়া লাইসেন্সধারীদের বিরুদ্ধে বিআরটিএ-এর অভিযান অব্যাহত থাকবে।” এছাড়া ট্রাফিক আইন বাস্তবায়ন ও চালকদের সচেতন করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোস্তাফিজুর রহমান।
পরিবহন খাতের মাঠপর্যায়ের সমস্যা তুলে ধরে নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, ক্যাব সভাপতি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আল আমিন, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফওজিয়া ওপেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক চত্বরে বৃক্ষ রোপণ ও
আলোচনা সভা শেষে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, নিয়মনীতি প্রতিপালন এবং দায়িত্বশীল গাড়ি চালনার স্বীকৃতিস্বরূপ জেলার চারজন শ্রেষ্ঠ চালকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.