আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি।
সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীতে উদযাপিত হয়েছে বিশ্ব বসতি দিবস। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওন। নীলফামারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাকিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।এসময় তিনি বলেন, সবার জন্য নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরিকল্পিত নগরায়ন শুধু মানুষের আবাসনের সুযোগ সৃষ্টি করে না, বরং একটি এলাকার পরিবেশ, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই নগর গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, নীলফামারীর উন্নয়ন ও নগরায়নের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য, জলাবদ্ধতা নিরসন, পর্যাপ্ত খোলা স্থান, সড়ক যোগাযোগ ও নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
একই সঙ্গে অপরিকল্পিতভাবে বসতি ও স্থাপনা নির্মাণের প্রবণতা রোধ করে পরিকল্পিত ও টেকসই নগরায়নে সবাইকে সচেতন হতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মিহির কুমার রায় এবং উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) রাজিয়া সুলতানা সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.