নিজস্ব সংবাদদাতা, কাশিয়ানী, (গোপালগঞ্জ))
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্যপদসহ দলটির প্রাথমিক সদস্যপদ ও সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাশিয়ানী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া (বিরু)।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এক লিখিত বিবৃতির মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। জানে আলম মিয়া (বিরু) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
লিখিত বিবৃতিতে পদত্যাগের কারণ উল্লেখ করে তিনি জানান, বয়সজনিত কারণে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁটুর ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। পাশাপাশি পারিবারিক সমস্যার কারণে তাঁর পক্ষে রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, নিজের জ্ঞান ও বিবেচনায়, স্বেচ্ছায় এবং কারও চাপ ছাড়াই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের পদ-পদবি থেকে তিনি স্থায়ীভাবে পদত্যাগ করেছেন।
জানে আলম মিয়া (বিরু) বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক থাকবে না। এমনকি তিনি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত হবেন না। জীবনের বাকি সময় আল্লাহর ইবাদত ও পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিতে কাটাতে চান তিনি।
সম্পাদক : নূর আলম শেখ
ঠিকানা: ফরিদ মিয়া কমপ্লেক্স, মুকসুদপুর, গোপালগঞ্জ।
ইমেইল : ajkerjagaran@gmail.com
news@ajkerjagaran.com
Copyright © 2026 আজকের জাগরণ All rights reserved.