নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মিজ্ লাখসানা লাকী।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর সুরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ এবং কন্যাশিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে নারীর ক্ষমতায়ন জোরদারের আহ্বান জানান তাঁরা।
বক্তারা বলেন, নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে কন্যাশিশুর অধিকার রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.