বিশেষ প্রতিনিধি: আজকের জাগরণ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলামিন শেখ (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশ জানায়, অভিযানের সময় আলামিন শেখের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার চাকু, বিভিন্ন ধরনের ২৫টি মুঠোফোন, চারটি ট্যাব, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের মুদ্রা এবং নগদ ১ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মুঠোফোনের মধ্যে ১৫টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন, তিনটি আইফোন এবং সাতটি বাটন ফোন রয়েছে। এছাড়া চারটি বিভিন্ন মডেলের ট্যাব, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ এবং বিভিন্ন দেশের বিভিন্ন মূল্যমানের ৭৭টি মুদ্রার নোট উদ্ধার করা হয়।
জেলা পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন দীর্ঘদিন ধরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা ও মাদকসংক্রান্ত মোট ছয়টি মামলা রয়েছে বলেও জানানো হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.