সুমাইয়া নূর প্রভা: বিশেষ প্রতিনিধি: আজকের জাগরণ
গোপালগঞ্জের মুকসুদপুরে লোকাল বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সালমান মোল্লা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় পরশ শেখ (১৭) নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সিবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান মোল্লা লোহাইর গ্রামের সহিদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালমান মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে প্রধান সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সালমান ঘটনাস্থলেই মারা যায়।
মোটরসাইকেলে থাকা অপর আরোহী পরশ শেখ গুরুতর আহত হয়। সে একই গ্রামের আলমাস শেখের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ও আহত দুজনেরই বাড়ি মুকসুদপুর উপজেলার লোহাইর গ্রামে।
দুর্ঘটনার খবর পেয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল-মামুন ও এসআই মামুনুর রশিদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.