মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুবাই প্রবাসী ও সমাজসেবক মতিয়ার রহমানের নিজস্ব অর্থায়নে সাত শতাধিক অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে তিনি অসহায়, দরিদ্র ও এতিম মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মতিয়ার রহমান দীর্ঘদিন ধরে দুবাইয়ে প্রবাসজীবন কাটাচ্ছেন। সেখানে ব্যবসার পাশাপাশি তিনি নিজ এলাকার অসহায় মানুষের কল্যাণে নিয়মিতভাবে সহযোগিতা করে আসছেন। গরিব, এতিম ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তিনি একজন সমাজসেবক হিসেবে পরিচিতি পেয়েছেন।
জানা যায়, তিনি নিজস্ব তহবিল থেকে প্রতি মাসে প্রায় ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে থাকেন। তাঁর এ মানবিক উদ্যোগে দিগনগর ইউনিয়নের অসংখ্য অসহায় ও নিম্নআয়ের পরিবার উপকৃত হচ্ছে।
খাদ্যসামগ্রী গ্রহণকারী জামাল বয়াতি, রাজিয়া বেগম, হান্নান শেখ ও মর্জিনা বেগমসহ অন্যরা মতিয়ার রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রতি মাসে তাঁর দেওয়া খাদ্যসহায়তা পাওয়ায় সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচের চাপ কিছুটা হলেও কমে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রবাসে থেকেও মতিয়ার রহমান নিয়মিতভাবে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন। সমাজের অন্যান্য সামর্থ্যবান ও প্রবাসীরাও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে এলে দরিদ্র ও অসচ্ছল মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা মনে করেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.