আরিফুল ইসলাম আরিফ: নীলফামারী প্রতিনিধি
উত্তরাঞ্চলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘তালেব ভাইজান’ খ্যাত তালেব আলীর ভাতিজা ও সহযোগী সোহাগের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকার আশুলিয়ার একটি ভাড়া বাসা থেকে রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ বেশ কিছুদিন ধরে স্ত্রীকে নিয়ে আশুলিয়ার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। রবিবার দুপুরে নিজ কক্ষে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আনুষ্ঠানিক তদন্তের ফল এখনো জানা যায়নি।
ঘটনার পর তার মরদেহ নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রামে নিজ বাড়িতে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
কনটেন্ট ক্রিয়েটর তালেব ভাইজান বলেন, “আমি দিনাজপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এক আত্মীয়ের মাধ্যমে সোহাগের মৃত্যুর খবর পাই। কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু আমার জানা নেই।”
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, “সোহাগের মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরেছি। যতদূর জেনেছি, এ ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যু সংক্রান্ত আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে।”
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট থানার তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.