নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়-সংলগ্ন গোপালগঞ্জ জেলা ফুটবল স্টেডিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ফাইনালে বেথুড়ী ইউনিয়ন একাদশ ও উরফি ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বেথুড়ী ইউনিয়ন একাদশকে পরাজিত করে উরফি ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ–২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন উরফি ইউনিয়ন একাদশ ও রানার্সআপ বেথুড়ী ইউনিয়ন একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তাঁরা উভয় দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক অবসাদ দূর ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, মাঠের খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ, শৃঙ্খলা ও ঐক্য গড়ে ওঠে। খেলাধুলা মানুষকে আত্মবিশ্বাসী ও সাহসী করার পাশাপাশি বাস্তব কর্মজীবনে পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়।
জেলা পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়। এ সময় জেলার ক্রীড়ামোদী সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.