গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জোৎস্না খাতুন।
অনুষ্ঠানে বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার ব্যবহার শিশুদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি ও সঠিক উচ্চারণ শেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রমিত বাংলা চর্চা শিশুদের সঠিক শব্দভাণ্ডার, ব্যাকরণ ও উচ্চারণ শেখাতে সহায়তা করে এবং ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক ও পেশাগত যোগাযোগে তাদের আরও দক্ষ করে তোলে।
তিনি আরও বলেন, মাতৃভাষায় সঠিকভাবে শিক্ষা গ্রহণ করলে অন্যান্য বিষয় বুঝতেও শিশুদের সুবিধা হয়। পরিবার ও সমাজে আঞ্চলিক ভাষার পাশাপাশি শিশুদের মধ্যে প্রমিত বাংলায় কথা বলার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
প্রশিক্ষণে গোপালগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.