সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড় জেলার চাবুয়ায় তিন বছরের এক সন্তানের মাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুমিত কালন্দী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) পিটনি এলাকায় এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধারের পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ২৪ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন সুমিত কালন্দীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, শনিবার পিটনি এলাকায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, হত্যার আগে ওই নারী যৌন নির্যাতনের শিকার হয়ে থাকতে পারেন। তদন্তের একপর্যায়ে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে সুমিত কালন্দীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ওই নারীকে প্রথমে ধর্ষণ এবং পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
নিহত নারী তিন বছরের এক সন্তানের মা বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ এবং যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এ ঘটনায় অভিযুক্ত সুমিত কালন্দীকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নৃশংস এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.