
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৪ নং খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকাল ৪টায় আয়োজিত এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।
খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শাহিদুল ইসলাম মুন্সীর সভাপতিত্ব করার কথা থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তার অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত হয়ে সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. হাবিবুল্লাহ মুন্সী (লিটু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. এরশাদ হাওলাদার।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম এমপি নবগঠিত খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটিকে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে তারা ইতোমধ্যে সফলতার সঙ্গে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে কমিটি গঠন করেছে।
এ জন্য তিনি খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডগুলোতেও সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।
প্রধান অতিথি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং তাদের সমস্যা ও দুর্ভোগে পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় উন্নয়ন নিয়েও একাধিক আশ্বাস দেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি জানান, রিশাতলা থেকে খান্দারপাড়া হয়ে রাজপাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি আগামী ডিসেম্বরের মধ্যে সংস্কার ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের পাশাপাশি প্রয়োজনীয় স্থানে রাস্তা চওড়া করার আশ্বাস দেন তিনি।
এ ছাড়া বেজড়া-ভাটরা জসিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য ইতোমধ্যে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের অর্থে বর্তমানে মাঠ ভরাটের কাজ চলমান রয়েছে। বর্তমান বরাদ্দে কাজ সম্পন্ন না হলে প্রয়োজন অনুযায়ী নতুন করে আরও অর্থ বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য।
সমাবেশে খান্দারপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে এলাকায় একটি স্থায়ী খেলার মাঠের দাবি জানানো হলে সেলিমুজ্জামান সেলিম এমপি খান্দারপাড়ায় একটি খেলার মাঠের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান তৃণমূলের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান। তিনি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়িয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
কর্মী সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মী সমাবেশটির আয়োজন করে ৪ নং খান্দারপাড়া ইউনিয়ন বিএনপি।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.