মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ননীক্ষির ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বনগ্রাম গ্রামের গণবালা (৪২)-এর বাড়িতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন উপজেলার বড়ভাটরা গ্রামের মৃত হাই শেখের ছেলে রাকিব শেখ (৩০)। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
খবর পেয়ে সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাকিব শেখকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে একটি পুলিশের কটি (ভেস্ট), একটি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল এবং একটি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
স্থানীয়দের দাবি, এ ধরনের ভুয়া পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.