সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:
ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার উধারবন্দে একটি শিল্পকারখানায় ভয়াবহ এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
রবিবার (২৬ জুলাই) উধারবন্দ বিধানসভা এলাকার পানগ্রামে অবস্থিত কেডি রড ইন্ডাস্ট্রিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই কারখানা চত্বরে ধোঁয়া ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাতে সহায়তা করেন।
আহতদের দ্রুত উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার মূল ফটক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
পুলিশ নিহত শ্রমিকদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এদিকে আকস্মিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.