গাজীপুরের শ্রীপুরে অসুস্থ অবস্থায় ছুটি না পেয়ে কারখানার ভেতরেই লিজা (৩২) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং একপর্যায়ে আঞ্চলিক সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
জানা যায়, নিহত লিজা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবনিয়া গ্রামের বিদ্যুৎ হোসেনের স্ত্রী। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
সহকর্মীদের অভিযোগ, লিজা আগে থেকেই অসুস্থ ছিলেন। গত ১১ জুন তিনি সর্বশেষ কর্মস্থলে উপস্থিত ছিলেন। এরপর প্রায় ১২ দিন চিকিৎসা ও বিশ্রামে থাকার পর ২৪ জুন সকালে তিনি আবার কাজে যোগ দেন। কিন্তু দীর্ঘ সময় কাজ করার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
এ সময় তিনি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করলেও তা পাননি বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে কাজের মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর বদর গ্রুপের অধীনস্থ তিনটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা আঞ্চলিক সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি পায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে মৃত্যু হয়েছে তা নির্ণয়ের জন্য কাজ চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরা নিহতের বিচার দাবি করেছেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.