সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:
ভারতের মধ্যপ্রদেশের রতলাম জেলায় মহরমের শোভাযাত্রায় তাজিয়া হাইভোল্টেজ বিদ্যুতের তারে স্পর্শ করায় মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে রতলাম জেলার হাটনারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই শতাধিক মানুষ তাজিয়া নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। একপর্যায়ে তাজিয়ার কাঠামোয় থাকা লোহার রড অসাবধানতাবশত হাইভোল্টেজ বিদ্যুতের তারে স্পর্শ করলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন অনেকেই।
ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে পথে আরও একজনের মৃত্যু হয়। আহত অন্তত ১০ জন বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রতলাম জেলার পুলিশ সুপার অমিত কুমার জানান, "এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।"
প্রত্যক্ষদর্শীরা জানান, তাজিয়ার লোহার রড বিদ্যুতের তারে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই সেটি ধরে থাকা ব্যক্তিরা মাটিতে লুটিয়ে পড়েন। পরে রডটি মাটিতে পড়ে গেলে আশপাশে থাকা আরও কয়েকজন আহত হন। মুহূর্তেই শোভাযাত্রায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসন তদন্ত শুরু করেছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.