আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি: আজকের জাগরণ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে বড় ছেলে মাজহারুল আনোয়ার জুয়েল (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। এর আগে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জুয়েল কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ময়দানপাড়া এলাকার মৃত আশরাফ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল তার মা মারুফা বেগমের সঙ্গে গ্রামের বাড়িতে বসবাস করতেন। অপরদিকে ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় চাকরি করতেন। গত ৩ জুন ঢাকা থেকে বাড়িতে এসে তিনি মায়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের বিছানা গোছাতে গিয়ে রক্তের দাগ এবং ঘরের মেঝেতে ফাটল দেখতে পান।
বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার আলামত পায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খনন করে ৩ জুন দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মারুফা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় লাভিন মিয়া অভিযোগ করেন, তার বড় ভাই জুয়েল তাদের মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন। পরে লাভিন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক থাকা জুয়েলকে অবশেষে আশুলিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।
কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান বলেন, “মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে দায়ের হওয়া মামলায় জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.