সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি :
ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগে ভয়াবহ বাস দুর্ঘটনায় দুই মহিলা পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে আরামবাগের আদম বাঁধ এলাকায় বর্ধমান-তারকেশ্বর রুটের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু যাত্রী আহত হয়েছেন।
জানা গেছে, বাসটিতে প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। তাঁরা তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। আদম বাঁধ এলাকায় পৌঁছালে বাসটির পাতি (স্প্রিং) ভেঙে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার পাশে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের বাস থেকে বের করে আনেন। তবে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় এবং উদ্ধারকাজে বিলম্বের অভিযোগ তুলে স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন পূর্ব বর্ধমান জেলার ধাড়ান এলাকার বাসিন্দা লক্ষ্মী মুর্মু (৬৫) ও শমিলা সরেন (৩৫)। তাঁরা তারকেশ্বরে পূজা দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.