টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: আজকের জাগরণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার (১৬ মে) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজার এলাকায় কোটালিপাড়া-গামী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-মেট্রো-উ ১৪-৩৮১৬ নম্বরের একটি কাভার্ডভ্যান এবং পিরোজপুর-ল ১১-৪১৭৭ নম্বরের একটি ইয়ামাহা এফজেড ভার্সন-২ মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা সীমা সরকার (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নৈলতলা গ্রামের সবুজ সরকারের স্ত্রী ও সুব্রত সরকারের কন্যা।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মানিক সরকার (৩০) গুরুতর আহত হন। তিনি একই এলাকার নিরঞ্জন সরকারের ছেলে। তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আহত মানিক সরকার তার সৌদি প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রী সীমা সরকারকে মোটরসাইকেলে করে বরিশালের গৌরনদীতে চাচা শ্বশুরের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে জোয়ারিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সীমা সরকারের মুখ ও মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক মো. শামীম শেখ (৩৫) কে আটক করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মৃত ঠান্ডা শেখের ছেলে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.