সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি: আজকের জাগরণ
ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার জিরিঘাট এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন এক মাদক মাফিয়া। বুধবার (১৩ মে) গভীর রাতে জিরিঘাটের একটি প্রত্যন্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম সাইলেন ডঙ্গল। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় পুলিশের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মর্গে রাখা হয়েছে।
কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে নিহত সাইলেন ডঙ্গলের বিরুদ্ধে মাদক চক্রের পাশাপাশি একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, গত সপ্তাহে মাদক মাফিয়াদের গুলিতে এক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনার পর থেকেই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। সেই ঘটনার তদন্ত ও অভিযুক্তদের ধরতে গিয়ে জিরিঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর জিরিঘাটসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.