বশিরুল আলম। স্টাফ রিপোর্টার: আজকের জাগরণ
রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ঐতিহ্যবাহী টিএসসি অডিটোরিয়াম-এ অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। প্রবাস ও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের এই আয়োজন ছিল আনন্দ, স্মৃতিচারণ এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করার এক অনন্য উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতি-এর স্বপ্নদ্রষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং NRB World ও Bangladesh Business Chamber of Singapore (BDCham)-এর প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক।তিনি তার বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছে।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও নেটওয়ার্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তরুণদের দক্ষতা উন্নয়ন, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ ঢাকায় অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিলনমেলার পরপরই অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.