স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বেসরকারি বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর এক কর্মীর বিরুদ্ধে অভিনব কায়দায় গ্রাহকের টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর প্রতিষ্ঠানটির কর্মী শাহানাজ পারভীনের দিকে। এ ঘটনায় ক্ষুব্ধ ও দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন গ্রাহকের কাছ থেকে নিয়মিত প্রিমিয়ামের টাকা সংগ্রহ করলেও তা অফিসে জমা না দিয়ে নিজের কাছে রেখে দিচ্ছেন অভিযুক্ত কর্মী। ফলে দীর্ঘদিন ধরে জমা দেওয়া অর্থের কোনো হিসাব পাচ্ছেন না গ্রাহকরা। অনেকেই দাবি করেছেন, তারা নিয়মিত টাকা দিলেও অফিসে গিয়ে জানতে পারছেন তাদের নামে কোনো জমার রেকর্ড নেই।
আরও অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট অফিসে নেই কোনো সঠিক হিসাব-নিকাশ বা রেজিস্টার সংরক্ষণের ব্যবস্থা। ফলে কে কত টাকা জমা দিয়েছেন বা বকেয়া রয়েছে কিনা—তা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। এতে করে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মী শাহানাজ পারভীন কোনো সদুত্তর দিতে পারেননি। অপরদিকে, অফিসের ম্যানেজারও এ বিষয়ে অবগত নন বলে দাবি করেন। তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখা হবে।” তবে গ্রাহকদের অভিযোগ, অফিসে দায় এড়াতে একে অপরের ওপর দোষ চাপানোর প্রবণতা দেখা যাচ্ছে।
ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে তারা দ্বারে দ্বারে ঘুরছেন। কেউ কেউ ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন।
সচেতন মহল মনে করছে, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। একইসঙ্গে ভবিষ্যতে এমন অনিয়ম ঠেকাতে বীমা খাতে কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.