নিজস্ব প্রতিনিধি: আজকের জাগরণ
খুলনায় কর্তব্যরত অবস্থায় এক রেলওয়ে পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য সম্রাট বিশ্বাস (২৭) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাসিন্দা এবং খুলনায় রেলওয়ে পুলিশে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে দায়িত্ব পালনকালে তিনি তার ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করেন। এতে তিনি চেয়ার থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন।
খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহম্মদ নাঈমুল হাসান জানান, প্রাথমিকভাবে পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে আত্মহত্যার ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
নিহতের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য বলে জানা গেছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.