
গালিব খোকসা প্রতিনিধিঃ আজকের জাগরণ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের মেয়েদের বিভাগের খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের দল এতে অংশ নেয়, ফলে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
রবিবার বিকাল সাড়ে তিনটায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী ম্যাচে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কণ্ঠগজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে কোনো দল এগিয়ে না থাকায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। সেখানে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দিনভর চলা খেলায় অংশগ্রহণকারী ১০টি দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা ও প্রতিযোগিতা। সেমিফাইনাল পর্ব শেষে জাগলবা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর জয়ন্তী হাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের দল ফাইনালে জায়গা নিশ্চিত করে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তাছমিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম।
উল্লেখ্য, সোমবার সকালে একই মাঠে ছেলেদের একাদশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পরে বিকালে ছেলে ও মেয়েদের ফাইনাল খেলা আয়োজনের কথা রয়েছে।