নাজমুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
রোববার দুপুরে উপজেলার বান্দাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ জান্নাত বেগম (২০) মির্জাপুর উপজেলা গোড়াই এলাকার শুকুর আলীর মেয়ে। তিনি বান্দাবাড়ি গ্রামের জুনায়েদ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে জুনায়েদের সঙ্গে জান্নাতের বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল। ঘটনার দিন সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
অভিযোগ রয়েছে, সকাল সাড়ে আটটার দিকে জুনায়েদ তার শাশুড়ি নবীরন বিবিকে ফোন করে জানায়, মেয়েকে নিয়ে যেতে হবে, অন্যথায় তাকে হত্যা করা হবে। পরে বিষয়টি জানতে পেরে জান্নাতের বাবা শুকুর আলী জামাইয়ের বাড়িতে এসে বিছানায় মেয়ের মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীর ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের বাবা শুকুর আলী অভিযোগ করে বলেন, কয়েকদিন ধরেই তাদের মধ্যে ঝগড়া চলছিল। সকালে তার স্ত্রীকে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল। তারা তার মেয়েকে হত্যা করেছে বলে দাবি করে তিনি বিচার দাবি করেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.