২০০৬ সালে নিয়োগের জন্য বাছাই করা ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-এর নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার করে তাদের চাকরিতে যোগদানের নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়, ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা নিয়োগ আদেশ প্রত্যাহার করে ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-কে শর্তসাপেক্ষে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, ২০০৭ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল না হলে আবেদনকারীরা স্বাভাবিক নিয়মে যে তারিখে সরকারি চাকরিতে যোগদান করতেন, সেই তারিখ থেকেই তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। তবে এ ক্ষেত্রে কোনো আর্থিক সুবিধা প্রযোজ্য হবে না।
এছাড়া নিয়োগপ্রাপ্তদের মৌলিক প্রশিক্ষণকাল ৬ মাসসহ মোট দুই বছর শিক্ষানবিশকাল নির্ধারণ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধিবিধান অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যাচের গ্রেডেশন তালিকা পরবর্তীতে নির্ধারণ করা হবে।
নির্দেশনায় আরও বলা হয়, এ তালিকার বাইরে একই ব্যাচের অন্য কোনো প্রার্থী ভবিষ্যতে চাকরি পুনর্বহালের আবেদন করলে গঠিত কমিটির মাধ্যমে প্রার্থীর বৈধতা যাচাই ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন সাপেক্ষে একই প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) পাঠানো চিঠিতে যথাযথ আইন ও বিধিবিধান অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.