নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য শুধু বিএনপিতেই জমা পড়েছে ৫০০-এর বেশি আবেদন। দেশের প্রায় প্রতিটি জেলা থেকে এসব আবেদন জমা পড়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, আবেদনের জন্য নির্ধারিত কোনো ফরম না থাকলেও আগ্রহী নারী নেত্রীরা সাদা কাগজে তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। পাশাপাশি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে নিজেদের ভূমিকা ও কার্যক্রমের বিবরণ যুক্ত করেছেন। অনেকেই জীবনবৃত্তান্তের সঙ্গে মিছিল, মিটিং ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের অসংখ্য ছবিও সংযুক্ত করেছেন।
প্রত্যেকটি আবেদন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরাবর জমা দেওয়া হয়েছে। বিএনপির পল্টন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, গত ১৬ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই ৫০০-এর বেশি আবেদন জমা পড়েছে, যা দলীয়ভাবে একটি রেকর্ড বলেও উল্লেখ করেন তারা। আবেদনগুলো শিগগিরই দলীয় হাইকমান্ডের কাছে পাঠানো হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
খুলনা থেকে আবেদন করা এক নারী নেত্রী বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাই সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আশায় আবেদন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার জীবনবৃত্তান্ত মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের কাছ থেকে আশ্বাসও পেয়েছেন। তার দাবি, শুধু তিনি নন—এ ধরনের আবেদন করা আরও অনেক নারী নেত্রী দলীয় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।
এদিকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। অনেকে একাধিক ফেসবুক পেজ খুলে নিজেদের প্রার্থিতার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। পেইড প্রচারণার মাধ্যমে ইতিবাচক মন্তব্য ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের ছবি প্রচার করা হচ্ছে। দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যেই এসব তৎপরতা চালানো হচ্ছে বলে সম্ভাব্য একাধিক প্রার্থী জানিয়েছেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.