নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলের নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মোহাম্মদ আবুল হাছনাত, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুকসুদপুর।
অভিযানকালে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ এর বিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীর তিনজন সমর্থকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। তারা আচরণবিধির ১৭(৩) বিধি ভঙ্গ করায় ২৭(ক) ধারায় সর্বমোট ৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে নির্বাচনী আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য সতর্ক করা হয়।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পৃথক অভিযানে দুটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে বিয়েগুলো স্থগিত করা হয় এবং সংশ্লিষ্ট অভিভাবকদের আইনগত বিষয় সম্পর্কে অবহিত ও সতর্ক করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় রাখা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.