নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত আলেম ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
বুধবার (২১ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে এই দুর্ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা ডা. হিমেল।
মুফতি মোহাম্মদ নাসির উদ্দিনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নে। তিনি পরিবারসহ ঘাটাইল পৌর এলাকার কলেজ রোডে স্থায়ীভাবে বসবাস করতেন। কর্মজীবনে তিনি ঘাটাইল উপজেলার হামিদপুর ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ইসলামি শিক্ষায় সুদক্ষ এই আলেম একাধারে একজন মুহাদ্দিস ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হিসেবে পরিচিত ছিলেন।
ডা. হিমেল জানান, বুধবার সন্ধ্যার পর থেকে সারারাত তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ফসলি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজস্ব ফসলি ক্ষেতে বিদ্যুৎচালিত সেচযন্ত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার রাতের কোনো এক সময়ে তিনি মারা যান। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন।
মুফতি মোহাম্মদ নাসির উদ্দিনের আকস্মিক মৃত্যুতে ঘাটাইলের আলেম সমাজ, রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। জমিয়তে উলামায়ে ইসলাম, বিএনপিসহ বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আসরের নামাজের পর কাকরাজান এলাকায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী ছিলেন মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন। পরবর্তীতে সংগঠনটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হলে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে ধানের শীষ প্রতীকের প্রার্থী ওবায়দুল হক নাসিরকে সমর্থন জানান।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.